শিপ ব্রেকিং এসোসিয়েশনের হামলার ঘটনায় মামলা

 
সীতাকুণ্ড উপজেলার শিপ ইয়ার্ড মালিকদের পক্ষ থেকে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিপ ব্রেকিং এসোসিয়েশনের (বিএসবিআরএ) কার্যালয় ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় মামলা হয়েছে। 
 
বুধবার রাতে মহানগরীর ডবলমুরিং থানায় বিএসবিআরএ কার্যালয়ের কেয়ারটেকার মো. আমিন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শিপ ইয়ার্ড মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 
 
২০১৪ সালের অক্টোবরে নির্বাচনের মাধ্যমে বিএসবিআরএর কমিটি গঠিত হয়। মেয়াদ শেষ হওয়ায় বর্তমান কমিটি নির্বাচন দিতে চাইলে একটি মহল সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। কিন্তু বর্তমান কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করলে এসএম আল নোমান নামে একটি শিপ ইয়ার্ডের মালিক আদালতে মামলা করেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দেয়। 
 
এদিকে আদালতের আদেশ পৌঁছার আগেই গত ৮ অক্টোবর সকাল ৯টায় নির্বাচন করার প্রস্তুতি নিলে সন্ত্রাসীরা বুধবার ভোর ৪টার দিকে বিএসবিআরএ কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের ভিতরে থাকা কেয়ারটেকার আমিন হোসেনকে মারধর করা হয়। কার্যালয়টি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।
 
ইত্তেফাক/ইউবি