মধুখালীতে প্রশ্ন ফাঁসের অভিযোগে কলেজছাত্র আটক

 
মধুখালীতে জেএসসির বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছেন পিএসআই এসএম রিয়াদউজ্জামান। বৃহস্পতিবার সকালে পরীক্ষার্থীদের প্রশ্ন দেখানো সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
কলেজছাত্র সর্বজ্বয় দাস (১৯) উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদী গ্রামের দশরথ দাসের ছেলে। সে মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেছে। 
 
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে মোবাইলে বিজ্ঞান প্রশ্ন কয়েকজন পরীক্ষার্থীকে দেখানোর সময় সর্বজ্বয়কে আটক করে পুলিশ। এ ব্যাপারে কেন্দ্র সচিব মো. আলি আকবর বাদী হয়ে একটি মামলা করেছেন।
 
মধুখালী থানা ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সর্বজ্বয় নামে এক কলেজছাত্রকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি