তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনা মহাজোটের ৯৯ পয়সা অথবা ৮০ পয়সার মালিক হয়েও ২০ পয়সা অথবা এক পয়সার মালিক সমতুল্য শরিকদের উনি কদর করেছেন, দাম দিয়েছেন এবং ঐক্যে শামিল করেছেন। শেখ হাসিনার এই সিদ্ধান্তকে তার সময়োপযোগী রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার পরিচয় হিসেবে অভিহিত করে ইনু বলেন, ‘সে জন্যই তিনি (শেখ হাসিনা) রাজাকার-জঙ্গি-বিএনপির কাছ থেকে ২০০৮ সালে দেশ উদ্ধার করতে সফল হন এবং এখনো সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন।’
তথ্যমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সচিবালয়ে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মহাজোটের শরিক সকল দলের অতীত ইতিহাস জেনে-বুঝেই প্রধানমন্ত্রী ঐক্য গড়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এ ঐক্যই জঙ্গি দমনে সাফল্য এনে দিয়েছে, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। দুঃখের বিষয় কিছু নেতা-নেত্রী ঐক্যের শরিকদের তুচ্ছ-তাচ্ছিল্য, কটাক্ষ করেন।
তিনি বলেন, সকলকে মনে রাখতে হবে খালেদা জিয়া এখনও চক্রান্ত ছাড়েননি। তাই জঙ্গি-রাজাকার-জামায়াতের বিরুদ্ধে ঐক্যে শামিল শরিকদের চোখের মণির মতোই আগলে রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে হবে।
হাসানুল হক ইনু বলেন, যেহেতু বিএনপি-খালেদাচক্র এখনো চক্রান্ত চালাচ্ছে, রাজাকার-জঙ্গি ত্যাগ করেনি, তাই বিপদ এখনো কাটেনি। সেজন্যই মহাজোটের এই ঐক্য ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ রক্তাক্ত আফগানিস্তানে পরিণত হবে।
ইত্তেফাক/ইউবি