রাজধানীতে একজনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে দক্ষিণখান থানা এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে ওই ব্যক্তির কঙ্কালটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিক তদন্তে তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
এদিকে রমনা এলাকায় মোহাম্মদ ইমন (২০) নামে এক কিশরকে গুলি করে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্র জানিয়েছে, লাশগুলো উদ্ধারের পর বৃহস্পতিবার ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
দক্ষিণখানে কঙ্কাল উদ্ধার : দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর সুপার মার্কেটের পেছনে একটি পরিত্যক্ত টিনসেড বাড়ি থেকে একজনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শনকারী দক্ষিণখান থানার এসআই হারেজ মিয়া বলেন, ঘটনাস্থলে একটি টিনসেড ঘরে কয়েকটি রুম রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে কেউ থাকে না। এই ঘরগুলোর সামনে ডোবা রয়েছে। সেখান থেকে টিনের ঘরে পানি ঢুকেছে। ঘরের এই পানির ভেতরেই পরে ছিল এক জনের লাশ। তার শরীরে মাংস নেই। লাশ পচে প্রায় কঙ্কাল হয়ে গেছে। ঘটনার তদন্ত চলছে।
রমনায় কিশোর খুন : রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলী বলেন, দুপুরে পশ্চিম হাজীপাড়া এলাকার নির্মাণাধীন ৫০/৬ নম্বর বাড়ির নিচতলায় একটি সোফায় বসা অবস্থায় গুলিবিদ্ধ হয় ইমন। তার গলায় একটি গুলির চিহ্ন রয়েছে। মেঝেতে একটি গুলির খোসা পড়া ছিল। ওই অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, ইমনের গ্রামের বাড়ি পিরোজপুরে। পরিবারের সঙ্গে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন তিনি। তার বাবার নাম মোশারফ হোসেন। ইমন সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ইমন মাদকাক্ত ছিল। পরিবারের সঙ্গে তিনি বাড্ডায় থাকতেন।
রমনা এলাকায় লাশ পাওয়ার বিষয়ে পুলিশের এসআই মহসীন আলী বলেন, ইমনকে হত্যার কারণ জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে কারা জড়িত চেষ্টা চলছে তাদের গ্রেপ্তার করার। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এ হত্যাকাণ্ডে মাদক ব্যবসায়ী চক্রের হাত থাকতে পারে।
ইত্তেফাক/ইউবি