পুলিশের ভয়ে পালাতে গিয়ে ডুবে মৃত্যু জুয়াড়ির

 
চকরিয়ায় পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে পানিতে ডুবে মো. মহিউদ্দিন (৪০) নামক এক জুয়াড়ি মারা গেছেন। মাতামুহুরী নদীর বাটাখালী ব্রিজ পয়েন্টে পানিতে ডুবার ১৪ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৬টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মহিউদ্দিন চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কসাইপাড়ার ওমর আলীর ছেলে।
      
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাতামুহুরী নদীর বাটাখালী ব্রিজের অদূরে নদীর তীরে বেলাল ও আরমানের নেতৃত্বে দুদল যুবক জুয়ার আসর চালাত প্রতিদিন। বুধবার বিকাল ৩টায় প্রতিদিনের মতো জুয়ার আসর বসলে খবর পেয়ে পুলিশের একটি দল ধাওয়া করে। এসময় আরমান গ্রুপের জুয়াড়িরা পালিয়ে যায়। পুলিশ চলে আসার পর বিকাল ৪টার দিকে একই এলাকায় বেলাল গ্রুপের যুবকরা জুয়া খেলতে বসে। এসময় আগে পুলিশের ধাওয়া খেয়ে পালানো আরমান গ্রুপের লোকজন এসে পুলিশ আসছে বলে চিৎকার দিলে ভয়ে তিন যুবক পালাতে নদীতে ঝাঁপ দেয়। 
 
দুজন সাঁতরিয়ে বাড়ি ফিরলেও মহিউদ্দিন পানিতে ডুবে যায়। তাকে রাতে খোঁজ করে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৬টায় তার মরদেহ ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি