ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে জেএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত ১শ’৫০ টাকার ফি’র স্থলে ২শ’ থেকে ৩শ’ টাকা আদায় করছে বলে পরীক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেছেন। অভিযোগে তারা জানান, প্রধান শিক্ষক গৃহিত টাকার কোন রশিদ প্রদান করছেন না। এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটিকেও কোন রকম তোয়াক্কা করছেনা।
অতিরিক্ত ফি নেয়াকে কেন্দ্র করে অভিভাবকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম জানান, অতিরিক্ত কোন ফি নেয়া হচ্ছে না। বকেয়া টাকা নেয়া হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ভূইয়া জানান, অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ পেয়েছি। তদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র জানান,প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষককে অতিরিক্ত ফি ফেরত দেয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু