ব্যস্ত রাজধানীর যানজটের পাহাড় ঠেলে শিল্পকলা একাডেমির চিলেকোঠায় উঠেই মনে হলো যেন পৌঁছে গেছি সর্জবনে। সেখানে একলব্যের জালে পড়ে মৃত্যুর প্রহর গুণছে পঞ্চপাণ্ডব। তাদের গুরু দ্রোণ খুঁজছে ছলনার পথ। আর এতদিন পরে এসে নানান প্রশ্নের মুখোমুখি পঞ্চপাণ্ডবদের ভার্যা দ্রোপদী। পঞ্চপাণ্ডবরা কি সত্যিই ভালোবাসে তাকে? যদি ভালোবাসেই তাহলে কে বেশি ভালোবাসে? তাদের ভারী ভারী বাক্যবাণে ভারী হয়ে উঠেছে চিলেকোঠার মহড়া রুম-২।
চলছিল প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নিত্যপূরাণ নাটকের শেষ মুহূর্তের মহড়া। দেশনাটকের প্রযোজনায় প্রায় ১৪ বছর পর আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে নিত্যপুরাণ।
১৮ বছর আগে প্রথম মঞ্চস্থ হয় নিত্যপুরাণ। সেসময় ব্যাপক দর্শক সমাদৃত হয় মঞ্চনাটকটি। একলব্য চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন দিলীপ কুমার। পরে এই অভিনেতার অকাল মৃত্যুর মধ্যদিয়ে নিত্যপুরাণের প্রদর্শনী বন্ধ হয়ে যায়। তখন অনেকেই মত দিয়েছিলেন প্রধান চরিত্র একলব্যে শুধু দিলীপকেই মানায়। তার বিকল্প পাওয়া দায় হয়ে যাবে। অবশেষে সেই চরিত্র কার মাধ্যমে ফুটে ওঠে সেটাই এখন দেখার বিষয়। আর তার জন্য অপেক্ষা করতে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত।
১৪ বছর পরের এই প্রদর্শনীও নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন নাটকটির স্রষ্টা মাসুম রেজা। তিনি জানান, পুরনোদের মধ্যে বন্যা মির্জা ও তরুণদের সমন্বয়ে দলটি বেশ ভালোভাবেই দর্শকদের মুগ্ধ করবে। তবে সময়ের সঙ্গে তালমিলিয়ে লাইটিংয়ে কিছুটা পরিবর্তন আসবে।