দক্ষিণ আফ্রিকা সফরে গোড়ালির ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন চলছে গত কয়েকদিন ধরে। গতকাল বিসিবি একাডেমি মাঠে হালকা রানিং করেছেন বাঁহাতি এ পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে আগামী ২৫ নভেম্বরের মধ্যে মাঠে নামতে পারেন মুস্তাফিজ। গতকাল এ তথ্য জানিয়েছেন দলটির কোচ সরোয়ার ইমরান।
টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে আছে রাজশাহী। মুস্তাফিজ না থাকায় রাজশাহীর বোলিং আক্রমণে বড় প্রভাব পড়ছে। এ তরুণ পেসার ফিরলে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে বলে আশাবাদী সরোয়ার ইমরান।
গতকাল তিনি বলেছেন, ‘মুস্তাফিজ না থাকাটা বিরাট প্রভাব ফেলেছে। মুস্তাফিজের বিকল্প নাই। বাংলাদেশেও নাই, বাইরেও নাই। ফিজিও’র কথা অনুযায়ী মুস্তাফিজ হয়ত ২৫ তারিখের (নভেম্বর) মধ্যেই ফিরবে। তখন দলের চেহারা অন্যরকম থাকবে।’
ম্যাচ খেলার জন্য বিসিবির ক্লিয়ারেন্স পেলেই বিপিএলে রাজশাহীর হয়ে খেলবেন মুস্তাফিজ। সরোয়ার ইমরান বলেন, ‘বিসিবি ক্লিয়ারেন্স দিলেই খেলবে। এর মধ্যে ও অনুশীলন করবে। এখন জগিং করছে। কয়েকদিন পর বোলিং করবে আস্তে আস্তে। এরপর যদি মনে হয় ফিট তখন মুস্তাফিজ খেলবে।’
আগামী সপ্তাহেই বোলিং শুরু করতে পারেন মুস্তাফিজ। পায়ের ফোলাও কমে গেছে। গতকাল রাজশাহী দলে নিজের সতীর্থদের সঙ্গেও সময় কাটিয়েছেন তিনি।
বিপিএলে এবারো শুরুটা ভালো হয়নি ড্যারেন স্যামির দলের। গত আসরে প্রথম পাঁচ ম্যাচের চারটা হেরেছিল রানার্সআপ হওয়া দলটি। পঞ্চম আসরেও দুই ম্যাচ হেরে বসেছে রাজশাহী। গতকাল বিসিবি একাডেমি মাঠে প্রায় ঘণ্টা তিনেক অনুশীলন করেছে দলটি। অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন ক্রিকেটাররা।
আগামীকাল মিরপুরে রংপুর রাইডার্সের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে রাজশাহী। এ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন দলটির কোচ। সরোয়ার ইমরান বলেন, ‘এটা ঠিক যে দুইটা ম্যাচ হেরে আমরা মোটামুটি পিছিয়ে আছি। আমি মনে করি যে, আমাদের খেলতে হবে ১২টা ম্যাচ। ওইভাবেই দেখছি। একটা একটা করে ম্যাচ খেলছি। আমার মনে হয় আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াব। আসলে সুপার ফোরে খেলতে হলে অন্তত ছয়টা ম্যাচ জিততে হবে। সাতটা জিতলে নিশ্চিত। আমরা ওই চিন্তাতেই আছি। এখনো আমাদের ১০টা ম্যাচ আছে। আমরা বেশিরভাগ ম্যাচ জিততে চাই।’
দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায় আছে রাজশাহী। রংপুরের বিরুদ্ধে সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামার আশা করছেন সরোয়ার ইমরান। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের একটু কম্বিনেশনের ঘাটতি ছিল। আশা করি আগামী ম্যাচে কম্বিনেশনটা ঠিক করে ফেলব। গতবার চারটা বিদেশি ছিল, এবার পাঁচটা। তাই সব দলই শক্তিশালী। ওই কারণে আমাদের কম্বিনেশনে একটু সমস্যা ছিল। আশা করছি সামনে কম্বিনেশন ঠিক হবে।’
ইত্তেফাক/কেআই