ব্রাজিলের জয়ের কারিগর নেইমার-জেসুস

প্রীতি ম্যাচ হলেও কোচের আহ্বানে সাড়া দিয়ে নেইমার-গাব্রিয়েল জেসুসের গোলে জাপানের বিপক্ষে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরুর আগে শিষ্যদের বিশ্বকাপের মতো খেলার পরামর্শ দিয়েছিলেন কোচ তিতে।
 
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে শুক্রবার ফ্রান্সের লিলে ৩-১ গোলে জিতেছে বাছাইপর্বে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল।
 
ম্যাচের শুরু থেকে জাপানের রক্ষণে আতঙ্ক ছড়ান ব্রাজিলের স্ট্রাইকাররা। প্রতিপক্ষের রক্ষণে চাপ বজায় রেখে দশম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সের মধ্যে ফের্নানদিনিয়োকে ডিফেন্ডার মায়া ইয়োশিদা ফেলে দিলেও শুরুতেই পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করে স্পটকিকের নির্দেশ দেওয়ার পাশাপাশি সাউথ্যাম্পটনের এই সেন্টার ব্যাককে হলুদ কার্ডও দেখান তিনি। খানিক পর জাপানের ডি-বক্সে গাব্রিয়েল জেসুস ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় ব্রাজিল। তবে এ যাত্রায় নেইমারের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এইজি কাওয়াশিমা।
IMG0
ওই কর্নার থেকেই বল ডিফেন্ডাররা ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎগতির শটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। ৩৬তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে ব্যবধান আরও বাড়ান জেসুস। নেইমারের পাস পেয়ে উইলিয়ান ছোট করে বাড়ান দানিলোকে। আর ক্লাব সতীর্থের গোলমুখে বাড়ানো দারুণ ক্রস পেয়ে অনায়াসে বল জালে ঠেলে দেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।
 
৫৮তম মিনিটে একসঙ্গে গাব্রিয়েল জেসুস ও মার্সেলোকে এবং ৭১তম মিনিটে নেইমার ও উইলিয়ানকে তুলে নেন কোচ তিতে। ৬৩তম মিনিটে দারুণ এক কর্নারে হেডে জাপানের সান্ত্বনাসূচক গোলটি করেন ডিফেন্ডার মাকিনো।
 
ইত্তেফাক/রেজা