৪১ সালের মধ্যেই প্রথম সারির দেশ হবে বাংলাদেশ, মাগুরায় পরিকল্পনা মন্ত্রী

 
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আওয়ামী লীগের হাত ধরেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে প্রথম সারির ২০টি দেশের মধ্যে অবস্থান করবে। অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে এদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা হবে।
 
তিনি গতকাল শুক্রবার দুপুরে মাগুরা শহরের নোমানি ময়দানে জেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর ও জেলা  আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ।
 
পরে মন্ত্রী মঞ্চেই জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হাতে আওয়ামী লীগের সদস্য পদের টিকিট তুলে দেন।
 
ইত্তেফাক/আনিসুর