'নির্বাচন নিয়ে ফরমুলা দিয়ে লাভ নেই'

 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ফরমুলা দিয়ে লাভ নেই। কেয়ারটেকার খেলা আর খেলবো না। ভয় পান কেন? দেশের মানুষকে বিশ্বাস করেন না কেন? নির্বাচনের মাঠে আসেন। আওয়ামী লীগ জনগণের দল। তাই জনগণ যে রায় দিবে আওয়ামী লীগ তাই মেনে নিবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।
 
গতকাল শুক্রবার সন্ধ্যায় জামালপুর শহরের মনিরাজপুরে ৮৫০ কোটি টাকায় নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
 
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে মায়ের মমতায় আশ্রয় দিয়ে, তাদের পাশে দাঁড়িয়ে সারা দুনিয়া সুনাম কুড়িয়েছেন। জাতিসংঘে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে বলে জানিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সারা বিশ্ব সাড়া দিয়েছে। রোহিঙ্গাদের কাছে প্রধানমন্ত্রীসহ আমরা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতা-কর্মী এবং সরকারের সকল দফতরের কর্মকর্তা সেখানে গেছি। তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা থেকে শুরু করে যা যা দরকার সব সহায়তাই দিয়ে আসছেন।
 
'সেনাবাহিনী নিয়োগ করে দেওয়ায় তাদের (রোহিঙ্গাদের) কোনো সমস্যা হচ্ছে না' উল্লেখ করে তিনি বলেন, 'আর খালেদা জিয়া কি করলেন, উনি সারা দেশের দলীয় নেতা-কর্মীদের গাড়ির বহর নিয়ে সেখানে গেলেন। অনেক পেট্টল খরচ করলেন। সেখানে গিয়ে বলে আসলেন আওয়ামী লীগ ও বর্তমান সরকার নাকি রোহিঙ্গাদের জন্য কিছুই করিনি। সরকার কি করছে জাতি এবং সারা বিশ্ব দেখছে। খালেদা জিয়া তিনি মিথ্যাবাদী বারংবার উনি মিথ্যা কথাই বলেন।'
 
স্বাস্থ্যমন্ত্রী গত ৯ বছরের সরকারের স্বাস্থ্যখাতসহ সারা দেশে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের পাটের ঐতিহ্য ফিরিয়ে এনেছেন। সারা দেশে অন্ধকার থেকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন আলোকিত করেছেন।' তিনি উল্লেখ করেন, 'এ দেশ থেকে জঙ্গি নির্মূল করেছেন। রাজাকারদের বিচার করেছেন। দেশের উন্নয়ন ছাপিয়ে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।'
 
ইত্তেফাক/জামান