তরুণ সুরকার-সংগীত পরিচালক ও সংগীতশিল্পী শান। সম্প্রতি ‘কন্যা’ শিরোনামের একটি গান দিয়ে দারুণ সাড়া ফেলেছেন। বিশেষ করে গানটির মিউজিক ভিডিও দর্শকদের বেশ প্রশংসিত হয়েছে। কন্যার পর ‘কার পোষা পাখি’ ও ‘সখী’ শীর্ষক দুটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি।
গান দুটি প্রসঙ্গে শান বলেন, দুটি গানের একটি লোক গান ও অন্যটি আধুনিক। খুব শিগগির দুটি গানেরই মিউজিক ভিডিও প্রকাশ করবো। শ্রোতারা এখন গান শোনার পাশাপাশি দৃশ্য ধারণ দেখতে চায়। গানের সঙ্গে সমন্বয় রেখে মিউজিক ভিডিও তৈরি করলে দর্শক সেটি পছন্দ করে বলে আমি মনে করি। শান নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের গানও করছেন।
সম্প্রতি তার সংগীতায়োজনে নিশিতা বড়ুয়ার ‘হিয়া’ ও ‘তুমি আমি’ শিরোনামের দুটি গান প্রকাশিত হয়েছে। এদিকে শানের সুর ও সংগীতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ‘অন্ধকার’ শীর্ষক গানটির জন্য সিটিসেল অ্যাওয়ার্ড অর্জন করেন।
শানের সুর ও সংগীতে ওপার বাংলার শিল্পী রূপঙ্কর বাগচীও গান করেছেন। সুর ও সংগীত নিয়েই শানের প্রতিটি দিন কাটে বলে জানান। আগামীতে আরো ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চান তিনি।
ইত্তেফাক/আনিসুর