রাজশাহীর বাঘায় সিরাজুদ্দীন সিরু মুন্সী (৫৫) নামের তাবলীগ জামায়াতের এক আমিরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতারুজ্জামান বলেন, তার শরীরে বিভিন্নস্থানে ক্ষত হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিঘা গ্রামের মজিবুর রহমান জানান, এশার নামাজের পর দিঘা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সিরু মুন্সি। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সিরু মুন্সি উপজেলার বাউসা ইউনিয়নের তাবলীগ জামায়াতের আমির ও দিঘা পশ্চিম পাড়া গ্রামের কাদের বক্সের ছেলে।
বাঘা থানার ওসি রেজাউল হাসান রেজা বলেন, ঘটনাটি শুনেছি। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। অনেকেই বলছেন, গ্রামের মসজিদে নামাজ পড়ানো নিয়ে একটা বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেবো।
ইত্তেফাক/জামান