বদরগঞ্জে ৩ জামায়াত নেতা গ্রেফতার

 
ধর্মীয় কটূক্তিসম্বলিত কথিত ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে বদরগঞ্জের তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহীনুর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন (৬০), ওই ইউনিয়নের সেক্রেটারি রুহুল আমিন (৫০) ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নানের ছোট ভাই জামায়াত নেতা আব্দুল মান্নান (৪৮)।
 
বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহীনুর আলম বলেন, 'হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান