উখিয়া সীমান্তে হাজারো রোহিঙ্গা

 
কক্সবাজারের উখিয়া সীমান্তের আঞ্জুমানপাড়া শূন্য রেখায় বেড়িবাঁধে অবস্থান করছে প্রায় হাজারো রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা মিয়ানমারে বুচিডং, রাশিডং এলাকা থেকে তীব্র খাদ্য সংকটে পড়ে চলে আসতে বাধ্য হয়েছে।
 
শুক্রবার বিকেলে প্রায় ৫ হাজারের অধিক রোহিঙ্গা ওপারে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় খোলা আকাশের নিচে অভুক্ত দিন কাটিয়েছে। তারমধ্য থেকে শনিবার ভোরে ওই রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে নাফ-নদী সাতরিয়ে এপারে চলে এসেছে। বিজিবি'র কর্মকর্তা জানিয়েছেন তারা শূন্য রেখায় বিজিবি প্রহরাধীন রয়েছে। বিভিন্ন এনজিও সংস্থা রোহিঙ্গাদের শুকনো খাবার, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এদিকে শুক্রবার রাতে উখিয়ার উপকূলীয় শাপলাপুর এলাকা দিয়ে সমুদ্রপথে আসা সহস্রাধিক রোহিঙ্গা থাইংখালী ময়নাঘোনা ক্যাম্পে আশ্রয় নিয়েছে।
 
আশ্রিত রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে, তারা সেখানে মিয়ানমার সেনা ও রাখাইন উগ্রপন্থী জনগোষ্ঠীর হাতে জিম্মি অবস্থায় দিন কাটিয়েছে। চরম খাদ্য সংকট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বুচিডংয়ের কোয়াংডং থেকে আসা ভুক্তভোগী রোহিঙ্গা মোহাম্মদ করিম (৪৫) জানায়, তাদেরকে বাড়ি ঘর থেকে বের হতে দিচ্ছে না। ঘরে খাবার নেই। বাজারে যেতে দিচ্ছে না। হাটবাজার, দোকানপাট গুলো পুড়িয়ে দেওয়ার কারণে কিছুই পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় ছেলে/মেয়ে নিয়ে ৭/৮দিন অনাহারে অর্ধাহারে অবস্থান করার পর তারা সমুদ্রপথে ঝুঁকি নিয়ে এদেশে চলে এসেছে। তার মতো, অবশিষ্ট যেসব রোহিঙ্গা বুচিডং, রাশিডং এলাকায় রয়েছে তারাও চলে আসার জন্য প্রস্তুতি নিয়েছে। অনেকেই এখানে আসার উদ্দেশ্য নিয়ে যাত্রা করে পথে রয়েছে।
 
কক্সবাজার ৩৪ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানান, সহস্রাধিক রোহিঙ্গা উখিয়া সীমান্তের আঞ্জুমানপাড়া শূন্য রেখায় অবস্থান নিয়েছে। এসব রোহিঙ্গাদের নিরাপত্তায় বিজিবি শূন্য রেখায় সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
 
ইত্তেফাক/জামান