সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম সুন্দরবনের বনদস্যু নুর আলম বাহিনীর ৩ সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে পশুরতলা খালের পশ্চিম পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে সিংহড়তলী গ্রামে সাহেব আলী ফকিরের ছেলে রবিউল ইসলাম (২১), তালা উপজেলার ডুমুরিয়া গ্রামে মৃত আরশাদ আলী মোড়লের ছেলে তবিবুর রহমান (২৩) ও রূপসা উপজেলার জয়পুরহাট গ্রামের জব্বার শেখের ছেলে শহিদুল ইসলাম(২৩)।
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে জেলে বহরে ডাকাতির প্রস্তুতির খবর নিশ্চিত হয়ে সুন্দরবনে পশুরতলা খালে পুলিশ অভিযান চালিয়ে ওই বনদস্যুদের আটক করে। এসময়ে তাদের কাছ থেকে একটি টু টু বোর এয়ার রায়ফেল সহ ২০ রাউন্ড বন্দুকের কার্তুজ জব্দ করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান