দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, একটি সরকার যদি পর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশের উন্নতি হয়। বর্তমান সরকার দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছে।
আজ শনিবার দুপুরে ভোলা জেলার উপজেলা সদরে ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় ‘শ্রীপুর-ভোলা-গঙ্গাঁপুর’ নৌ পথের ক্যাপিটাল ড্রেজিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার।
বিএনপির সঙ্গে সংলাপের কোন সম্ভাবনা নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সংলাপের জন্য ফোন করেছিলেন। খালেদা জিয়া সেটা প্রত্যাখ্যান করে সন্ত্রাসের পথ বেছে নেন।
তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেও সেই নির্বাচন বন্ধ করতে পারেনি। তিনি নির্বাচনে এলেন না, এটাতো আমাদের দোষ না। তাই আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমআই