আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কোনো অবস্থাতেই শেখ হাসিনার অধীনে হবে না। আগামী নির্বাচনে ধানের শীষের জয় হবে এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের অভিযোগ করে বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের সাড়ে তিন বছরের শাসনামলে ৪০ হাজার বিরোধী দলীয় নেতাকর্মী হত্যা করা হয়েছিল।শাসক দলের দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। মানুষ ভাতের ফেন ভিক্ষা করেছে। কাপড়ের অভাবে নারীরা ঘরে লুকিয়ে থাকতো। ৭৫ এর ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে মানুষের রাজনীতির অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগকে কবরে পাঠিয়ে বাকশাল কায়েম করেছিলেন। তারা সামরিক শাসনকে গালিগালাজ করলেও দেশে সামরিক শাসন কায়েম করেছিলেন শেখ মুজিবের ৪০ বছরের রাজনৈতিক সহযোদ্ধা খন্দকার মোস্তাক। মোস্তাকের মন্ত্রীসভার ৪০ মন্ত্রীর ৩৯ জনই ছিলেন মুজিব সরকারের। মুজিব পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন, আর জিয়া মুক্তিযুদ্ধের ঘোষণাই কেবল দেননি, রণাঙ্গণে যুদ্ধ করেছেন। তিনি আওয়ামী লীগকে কবর থেকে তুলে এনে রাজনীতির মাঠে নামিয়ে ছিলেন।
দুদু বলেন, সংবিধানে যতোগুলো খারাপ ধারা এসেছে, সবগুলো সংযোজন করেছে শেখ মুজিব অথবা শেখ হাসিনা।
জনসভার সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এতে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা এম. নুরুল ইসলাম, সাহারুজ্জামান মোর্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম প্রমুখ।
ইত্তেফাক/কেকে