মতলব উত্তরে আট বছরেও নির্মাণ হয়নি ফতেপুর পশ্চিমের ইউপি ভবন

দলাদলি ও মামলা জটিলতার কারণে অনুমোদনের আট বছরেও নির্মিত হয়নি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে ও অস্থায়ী কার্যালয়ে ঢিমেতাল চলছে কার্যক্রম। ইউনিয়ন পরিষদের সেবার মধ্যে কৃষি তথ্যসেবা, ডিজিটাল তথ্যসেবা, চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেট, জন্মনিবন্ধনসহ অন্যান্য সেবায় চলছে জনভোগান্তি। ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি বাজারসংলগ্ন স্থানে বিগত বছর ধরে টিনশেড ভবনে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম চলে আসলেও ১৯৬১ সালে নির্মিত হয় পাকা ভবন। ওই পাকা ভবনে প্রায় ৫০ বছর কার্যক্রম চলার পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০০৯ সালে স্থানীয় এমপির ডিওর মাধ্যমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন অনুমোদন পায়। কিন্তু দুই গ্রুপের দলাদলি ও মামলা জটিলতার কারণে এখনো নির্মিত হয়নি পাকা ভবন।

ইউনিয়নের রাঢ়ীকান্দি, নবুরকান্দি ও গোয়ালভাওরসহ কয়েকটি গ্রামের জনগণের দাবি পুরনো ভবনের জায়গায়ই নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হোক। মান্দারতলী এলাকার জনগণের দাবি ইউনিয়ন কমপ্লেক্সটি মান্দারতলীতে নির্মিত হোক। তাদের দুই গ্রুপের দাবি দলাদলিতে রূপ নেয় ফলে ভবন নির্মাণ বাধা হয়ে দাঁড়ায়। রাঢ়ীকান্দিতে পুরনো ভবনের স্থানে ৫০ শতক জায়গা থাকা সত্ত্বেও মান্দারতলীতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে রাঢ়ীকান্দি গ্রামবাসী গত ২০১২ সালে আদালতে মামলা করেন। আদালত ভবন নির্মাণ কার্যক্রম স্থগিত করেন। এর পর মান্দারতলীতে ৫০ শতক জায়গা প্রস্তুত করা হলে জায়গার মালিক আদালতে আরেকটি বাটোয়ারা মামলা করেন। বর্তমানে উচ্চ আদালতে দুটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে।

রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা নাজমূল হক জানান, সরকারি নিয়ম অনুযায়ী রাঢ়ীকান্দির পুরনো ভবনের স্থানেই নতুন কমপ্লেক্স ভবন নির্মাণ হওয়ার কথা। কেননা এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কিন্তু সরকারি কিছু অসাধু কর্মকর্তা সেটি না করে ইউপি ভবন কমপ্লেক্সটি অন্যত্র নির্মাণের পাঁয়তারা করছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ মিয়া সরকার জানান, নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে সরকারি নিয়ম মানছেন না কর্মকর্তারা। যার কারণে আদালতে মামলা করতে হয়েছে।

মান্দারতলী এলাকার অ্যাডভোকেট আমান উল্যাহ জানান, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি মান্দারতলীতে নির্মাণে জনগণের দাবিটি অত্যন্ত যৌক্তিক। কেননা, ফতেপুর পশ্চিম ইউনিয়নের মধ্যবর্তী স্থানটিই হচ্ছে এই মান্দারতলী অঞ্চল। তা ছাড়া ইউনিয়নের ভূমি অফিস, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়নের পোস্ট অফিসটিও এখানেই নির্মিত হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক জানান, আদালতে মামলা চলমান থাকার কারণে ফতেপুর পশ্চিম ইউপি কমপ্লেক্স ভবনের কাজ স্থগিত রয়েছে। আদালতের রায় যেভাবে আসবে, সেভাবেই নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, চাঁদপুর জজ আদালত ও হাইকোর্টে দুটি মামলা বিচারাধীন। মামলার কারণে ভবন নির্মাণ করা যাচ্ছে না।

ইত্তেফাক/নূহু