রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে দুটি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। যার প্রথমটিতে শনিবার রাতে রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে মেসি খেলেছেন ভালোভাবেই। আগামী মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে নাইজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচে খেলা হচ্ছে না আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির।
আর্জেন্টিনা দলের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অসুস্থতা বা চোটজনিত কোনো সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটাও নিশ্চিত করা হয়েছে দলটির পক্ষ থেকে। রাশিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই বার্সায় ফিরে যাওয়ার কথা রয়েছে মেসির।
মস্কোতে ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমরা সবসময়ই মনে করি, বিশ্বকাপ খুব কঠিন। বাস্তবতা হচ্ছে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। এর মাঝেই আমাদের দলীয় সমন্বয় তৈরি করে ফেলতে হবে।’
রাশিয়ার বিপক্ষে ম্যাচে একমাত্র গোল করেন সার্জিও আগুয়েরো। ম্যানসিটিতে খেলা এই সতীর্থ আগুয়েরোর প্রশংসা করেছেন পাঁচবারের ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী। তিনি বলেছেন, ‘এটা তাৎপর্যপূর্ণ। মাত্রই সে সিটির হয়ে রেকর্ড গড়েছে, আর আজ তাঁর এই অর্জন।’
ইত্তেফাক/কেআই