সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার পেস বোলিংয়ের অন্যতম ভরসা ভুবনেশ্বর কুমার। কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করে ফ্যানদের চমকে দিয়েছিলেন ভুবি। সেই রেশ কাটতে না কাটতেই সামনে চলে এল ভুবির বিয়ের খবর।
চলতি মাসের ২৩ তারিখ মেরুতে বান্ধবী নূপুর নাগরকে বিয়ে করছেন ভুবনেশ্বর। দু’টি রিসেপশন পার্টিও রাখা হয়েছে বিয়ের পর। ২৬ নভেম্বর বুলন্দশহর এবং ৩০ নভেম্বর নয়াদিল্লিতে পার্টি হওয়ার কথা। এর মধ্যেই ১৬ নভেম্বর শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম টেস্ট।
ভুবনেশ্বর কুমারের বাবা কিরণপাল সিংহ ছেলের বিয়ের কথা জানিয়ে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মেরঠে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে দুই পরিবার এবং আত্মীয় পরিজনেরা। উপস্থিত থাকবেন পারিবারিক বন্ধুরাও। তবে আমরা চাই ভারতীয় দলে ওর সতীর্থরা এবং বিসিসিআই-এর আধিকারিকরাও এই বিয়েতে উপস্থিত থাকুক। সেই কারণেই দিল্লিতে আমরা রিসেপশন পার্টির আয়োজন করেছি। আমরা নিশ্চিত পুরো দলই সেখানে উপস্থিত থাকবে কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য গোটা দলই তখন দিল্লিতে থাকবে।’
ভুবির পারিবারিক সূত্রে খবর, ভারত অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং সুরেশ রায়না বিয়েতে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকার কথা উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিকদেরও।
ইত্তেফাক/কেআই