রাজবাড়ীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মামলা করেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব।
রবিবার দুপুরে রাজবাড়ীর ২নং আমলী আদালতে দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এবং রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার সম্পাদক এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের বিরুদ্ধে ওই মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য কালুখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব জানান, ১৪৭টি ওয়াজ মাহফিল এবং ৩টি নামযজ্ঞ অনুষ্ঠান দেখিয়ে ১ কেটি ৩৫ লাখ টাকা মূল্যের ৪৫০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে প্রতিবেদন প্রকাশ করায় দুই সংবাদিকের নামে মামলা করা হয়েছে।
জানা গেছে, রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে মাত্র দুই তিন দিনে ১৪৭টি ওয়াজ মাহ্ফিল এবং ৩ টি নামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে! ওইসব ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠানের দিন রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৫০টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের ৪৫০ মেট্রিক টন চালের ছাড়পত্র প্রদান করা হয়েছে।
প্রকল্প গুলোর মেয়াদ ছিলো মাত্র দুই দিন। যা কি না চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুনের মধ্যে সমাপ্ত হয়েছে। অথচ সে সময় ছিলো আষাঢ় মাস। জেলা প্রশাসক, রাজবাড়ীর ২৮-৬-১৭ ইং তারিখের স্মারক নং ৫১.০১.৮২০০.৪২.০৮.১৬ / ৬৭৬(২) পত্র মোতাবেক কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ১৫০টি ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৪শ ৫০ মেঃ টন জিআর চাল বরাদ্দ করা হয়। এ বরাদ্দের প্রেক্ষিতে গত ২৯/৬/১৭ ইং তারিখে পৃথক তিনটি পত্রের মাধ্যমে কালুখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এসব প্রকল্পের অনুকূলে জিআর চালের ছাড়পত্র প্রদান করেন। এরপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মকসেদুল আলম ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব এসব প্রকল্পের ভুয়া পিআইসি সাজিয়ে সমুদয় চাল উত্তোলন করেন।
৩০ হাজার টাকা টন হিসেবে ৪৫০ মেট্রিক টন চালের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। এ ব্যাপারটি তুলে ধরে স্থানীয় দৈনিক রাজবাড়ী কন্ঠ, জাতীয় দৈনিক কালের কন্ঠ ও দৈনিক সমকালে রির্পোট প্রকাশিত হয়।
এদিকে, দুই সাংবাদিকের নামে ওই মিথ্যা মামলা দায়ের করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী সেখ, সাধারণ সম্পাদ শফিকুল ইসলাম শফি, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, দৈনিক জনতার আদালতের সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি মেজবা উল করিম রিন্টু পাংশা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন রাজবাড়ী প্রতিনিধি এবং দৈনিক ইত্তেফাকের পাংশা প্রতিনিধি এস,এম,রাসেল কবির।
ইত্তেফাক/নূহু