বেড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

 
পাবনার বেড়ায় কলেজ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজ ছাত্র জেলকদ (১৮) বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ১০ নভেম্বর শুক্রবার বেড়া কলেজ মাঠে খেলার সময় প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আজ সোমবার এজাহারভুক্ত আসামি জীবন হোসেন ও ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে।
 
বেড়া মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বেড়ার বেতবাড়িয়া গ্রামের নিহত জেলকদের বড় ভাই মনজেল হোসেনের শ্বশুর বাড়ি করমজা গ্রামে। তাদের মধ্যে পারিবারিক অশান্তি ছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছে। এর জের ধরে গত মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। গত শুক্রবার জেলকদ বেড়া ডিগ্রী কলেজ মাঠে খেলতে যায়। সেখানে একা পেয়ে মনজেলের শ্বশুর বাড়ির লোকজন তার ওপর হামলা করে। তাদের মারপিটে তিনি গুরুতর আহত হন। 
 
সেখান থেকে তাকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে তাকে বগুড়া মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার মধ্যরাতে তার মৃত্যু হয়। এর আগে গত রবিবার জেলকদের পরিবার মনেজেলর শ্বশুর, শ্যালকসহ ছয়জনকে আসামি করে বেড়া মডেল থানায় মামলা দায়ের করে।
 
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, দুইজন আসামিকে আজ গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান চলছে।
 
ইত্তেফাক/কেকে