‘বিএনপিই প্রথম প্রতিহিংসার রাজনীতি চালু করে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদাক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপিই এ দেশে প্রথম প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল। ২০০১ সালে তারা ক্ষমতায় আসর পর জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে এবং চাকরি থেকে বরখাস্ত করেছিল। আজ সোমবার কুষ্টিয়া সরকারি কলেজে নব-নির্মিত শেখ হাসিনা হলের উদ্ধোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 
 
রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা সংক্রান্ত বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এ দেশের জনগণ জানে ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পর কিভাবে জোর করে সরকারি কর্মকর্তাদের অবসরে দিয়েছিল, আওয়ামীমনা সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করেছিল। তিনিই প্রথম এ দেশে প্রতিহিংসার রাজনীতি চালু করেছিলেন আর এখন আওয়ামী লীগকে বলছেন প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে।’
 
এদিনের সমাবেশে বেগম খালেদা জিয়ার বক্তব্য সত্যের অপলাপ এবং মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করেছে উল্লেখ করে হানিফ বলেন, এই সরকারের অধীনেই এবং সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিলেন, সেই জন্য তারা ইভিএম পদ্ধতি চায় না। নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার বিধান অতীতে কখনও ছিল না। তাদেরকে নিয়োগ করা না করা এটা কমিশনের বিষয় বলে উল্লেখ করেন তিনি। বাসস।
 
ইত্তেফাক/এমআই