বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দেওয়ার অগ্রগতি জানাতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বুধবার বিকাল তিনটা পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। গ্রিন লাইনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, কিছু টাকা দিয়ে ৩টায় আসুন।
রাসেলকে ৫০ লাখ দিতে বুধবার পর্যন্ত সময় দিয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। সেই অনুযায়ী গ্রিন লাইন পরিবহনের স্বত্ত্বাধিকারী হাজী মো. আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে এদিন আদালতে উপস্থিত ছিলেন কোম্পানির আইনজীবী অজি উল্লাহ।
রিটের পক্ষে আইনজীবী উম্মে কুলসুম বুধবার শুনানির শুরুতেই আদালতকে বলেন, গ্রিন লাইন কর্তৃপক্ষ কোনো ধরনের যোগাযোগই করেনি।
আরও পড়ুন : শিবচর ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
তখন গ্রিন লাইনের আইনজীবী অজি উল্লাহ বলেন, হাজী আলাউদ্দিন অসুস্থ। তাছাড়া আরও কিছু জটিলতা আছে। টাকা দিতে তাদের এক মাস সময় প্রয়োজন।
জবাবে আদালত বলেন, ‘উনি অসুস্থ, কিন্তু উনার ব্যবসা তো থেমে নেই, ব্যবসা তো চলছে।’
শুনানি শেষে আদালত বলেন, কিছু টাকা দিয়ে ৩টায় আসুন।
এর আগে গত ৪ এপ্রিল আদালত বলেছিল, ১০ এপ্রিলের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। নইলে পরদিন গ্রিন লাইন বাসের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হবে। টিকিট বিক্রি করে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলবেন না।
ইত্তেফাক/কেআই