অলরাউন্ডার নয় কেবল ব্যাটসম্যান হিসেবেই ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলতে হচ্ছে শ্রীলঙ্কার এ্যাঞ্জেলো ম্যাথুজকে। শ্রীলঙ্কা দলের বোলিং কোচ রমেশ রত্নায়েকে বলেছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ম্যাথুজ বোলিং করবেন না এবং একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলবেন।
পায়ের ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করার পর শ্রীলঙ্কা দলে ফিরেছেন ম্যাথুজ।
কোলকাতায় ১৬ নভেম্বর শুরু হওয়া প্রথম টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে মাত্র ৫ ওভার বোলিং করেছেন ৩০ বছর বয়সী ম্যাথুজ।
রত্নায়েকে বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে ম্যাথুজকে দলে নেয়া হয়েছে। বেশ কিছু দিন যাবত সে টেস্ট ম্যাচে বোলিং করছে না। আমি মনে করি না সে এখানে বোলিং করবে। আমরা তাকে মুলত সাদা বলের একজন বোলার হিসেবে বিবেচনা করছি এবং ওয়ানডেতে আমরা তাকে বোলার হিসেবে কাজে লাগাতে চাই।’
সিরিজ শুরুর আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ। তাও আবার বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হয়ে গেলেও দলের প্রস্তুতিতে সন্তষ্ট রত্নায়েকে। তিনি আরো বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি হিসেবে যতটুকু করা দরকার আমরা সেটা ভালোভাবেই করেছি। এখন মাঠে পরিকল্পনা বাস্তবায়নের বিষয়।’ বাসস।
ইত্তেফাক/রেজা