সড়ক ও জনপথ বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাক থেকে ছিটকে আসা গরম তরল পিচে এক কলেজ ছাত্র দগ্ধ হয়েছে।
জানা গেছে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগ ট্রাকে চুলা বসিয়ে খোলা ড্রামে গরম তরল পিচ নিয়ে হালুয়াঘাট পৌর শহরের হাসপাতালের সামনে সড়ক মেরামত করতে যাচ্ছিল। দুপুর ১টার দিকে সরচাপুরে সড়কের স্পিড ব্রেকারে ট্রাকটি ঝাকুনি খেলে পিচ ছিটকে পড়ে। এ সময় ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র শামীম মিয়া (১৯) হালুয়াঘাট উপজেলার স্বদেশী গ্রাম থেকে কলেজে টেস্ট পরীক্ষা দিতে আসছিল। ট্রাক থেকে ছিটকে পড়া গরম তরল পিচ শামীমের গায়ে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। শামীম ওই গ্রামের কামাল কাজীর পুত্র।
পিচদগ্ধ যন্ত্রনায় কাতরানো অবস্থাায় শামীমকে তার সহপাঠীরা দ্রুত চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শামীমের সারা শরীরে গরম পিচ লেগে আছে। প্যান্ট-শার্ট পরা অংশ বাদে তার গলা ও মুখমণ্ডলে পিচ চামরার সাথে আটকে গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, গরম পিচ অরক্ষিত অবস্থায় মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়া সড়ক ও জনপথ বিভাগের নিয়মে পরিণত হয়েছে। যে কোন সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আজহারুল ইসলাম ইত্তেফাককে বলেন, মেরামত কাজের ট্রাক চলার সময় পিচের ড্রামের মুখ বন্ধ থাকে, জানি না পিচ ছিটকে পড়লো কিভাবে।
ইত্তেফাক/নূহু