চোখের জলে বিদায় নিলেন ‘লজ্জিত’ বুফন

জিয়ানলুইজি বুফন। নামটা শুনলেই মনে হতে পারে একজন পাহাড়াদারের মতো। ইতালির গোলপোস্টে দুই দশক ধরে পাহাড়াদারের ভুমিকাই পালন করেছেন। ফুটবল বিশ্বকাপ জয়ের তকমাও আছে গায়ে। কিন্তু বর্ণাঢ্য এই ক্যারিয়ারের সমাপ্তিটা এমন এক লজ্জাজনক অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হবে তা কে-ই বা জানতো। সেই ধারণাতীত কাজটাই যেন হয়ে গেল এবার।
IMG0
ইতালি ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। যে কারণে সুইডেনের সঙ্গে প্লে-অফ যুদ্ধে নামতে হয়েছে তাদের। প্লে-অফ রাউন্ডে দুই লেগ মিলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ইতালি। ১৯৫৮ সালের পর প্রথম কোনো বিশ্বকাপের চূড়ান্তপর্বে ওঠতে ব্যর্থ হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩৯ বছর বয়সে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এমন একটি লজ্জার মুখোমুখি হতে হলো বুফনকে। তাই এই ম্যাচ শেষে ক্যারিয়ারের সমাপ্তি টানতে দেরি করলেন না। নিজে কাঁদলেন, আর কাঁদালেন বিশ্বের কোটি কোটি ভক্তকে।
 
এমন হতাশার দিনে বুফন ইতালিয়ান ফুটবলের সবার কাছে ‘দুঃখ প্রকাশ’ করেছেন। বিদায়ী ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার শেষ ম্যাচে ইতালি বিশ্বকাপে ওঠতে ব্যর্থ হলো সত্যিই এটা লজ্জার। লজ্জাটা সবার জন্য সমান। এখানে কাউকে বলির পাঠা বানাতে চাই না।’
IMG1
গোলরক্ষক বুফন গত ২০ বছরে ইতালির হয়ে খেলেছেন ১৭৫ ম্যাচ। যার মধ্যে ২০০৬ সালে ইতালির শিরোপা জয়ের গর্বিত অংশীদারও তিনি। এমন হতাশার দিনে বুফন আশা প্রকাশ করেছেন ইতালির ফুটবল ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, ‘নিকট ভবিষ্যতে ইতালি ঘুরে দাঁড়াবে। কারণ আমরা নিজেদের সক্ষমতা নিয়ে গর্ব করি। কোনো একটা খারাপ অবস্থা থেকে সঠিক পথে ফিরে আসার পথটা সবসময় আমরা দ্রুতই পেয়েছি।’
 
ইত্তেফাক/কেআই