ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- লিমন, নুর ইসলাম, নুরু মিয়া, দিন মোহাম্মদ, আলি কদর, ইদ্রিস আলী, মহসীন আলী, সেলিনা বেগম, সুজন মিয়া ও সোহেল উদ্দিন।
আরো পড়ুন : ঝিনাইদহে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু শুক্রবার
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে দুলালের বাড়িতে একটি এনজিওর কিস্তি আদায়কালে বসা নিয়ে ঠেলাঠেলি হয়। এর জের ধরে দুপুরে গ্রামের স্কুল মাঠে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি