ব্র্যাথয়েট ঝড়ে ঢাকাকে ১৫৭ রানের টার্গেট দিলো খুলনা

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক কালোর্স ব্র্যাথয়েটের মারমুখী হাফসেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ১৩তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১৫৭ রানের টার্গেট দিলো খুলনা টাইটান্স। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ২৯ বলে অপরাজিত ৬৪ রান করেন ব্র্যাথয়েট।
 
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে খুলনা। উদ্বোধনী জুটিতে দলকে ২২ রানের শুরু এনে দেনর নাজমুল হোসেন শান্ত ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঞ্জার। ১০ রানে থাকা ক্লিঞ্জারকে আউট করে জুটিতে ভাঙ্গন ধরান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান।
 
তিন নম্বরে ব্যাট করার সুযোগটা কাজে লাগাতে পারেননি উইকেটরক্ষক ধীমান ঘোষও। মাত্র ২ রান করে ফিরেন তিনি। তাই দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় খুলনা। এরপর দলের চাকা সচল করার চেষ্টা করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত ও দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ। কিন্তু এই জুটি বেশি দূর যেতে পারেনি। কারণ ২৫ বলে ২৪ রান করা শান্তকে বিদায় করেন ক্যারিবিয়ান সুনিল নারাইন।
 
শান্ত’র বিদায়ের পর ১৩তম ওভারে ক্রিজে যাবার সুযোগ পান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দু’টি বাউন্ডারিতে শুরুটা চমৎকার ছিলো রিয়াদের। তবে নিজের ইনিংসটা বড় করতে পারেননি রিয়াদ। ১০ বলে ১৪ রান করে পাকিস্তানের শহিদ আফ্রিদির প্রথম ও একমাত্র শিকার হন রিয়াদ।
 
অধিনায়কের বিদায়ের সময় খুলনার স্কোর ছিলো ১২ দশমিক ২ ওভারে ৭১ রান। দলের রান তোলার গতি কম দেখেই ঢাকার বোলারদের উপর পাল্টা আক্রমণের পরিকল্পনা করেন রোসৌ ও ব্র্যাথওয়েট। তাদের মারমুখী মেজাজে ৩৪ বলে ৫৪ রান পায় খুলনা। এতে লড়াকু স্কোর গড়ার পথ পেয়ে যায় তারা।
 
রোসৌ ৩০ বলে ৩৪ রানে ফিরলেও, ব্যাট হাতে চড়াও ছিলেন ব্র্যাথওয়েট। শেষ পর্যন্ত ২৯ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন তিনি। তাতে ৫ উইকেটে ১৫৬ রানের পুঁিজ পায় খুলনা। ঢাকার পক্ষে আবু হায়দার ৪০ রানে ২টি উইকেট নেন।
 
ইত্তেফাক/কেআই