রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম লিমা আক্তার (২০)। মঙ্গলবার সকালে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে লিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে তার শরীরের বিভিন্ন অংশে কাটা জখমের চিহ্ন রয়েছে। এ কারণে তার মৃত্যু নিয়ে সন্দেহেরে সৃষ্টি হয়েছে।
লিমার মা আলেয়া বেগম জানান, সাভারের এমারত হোসেনের সঙ্গে তিন বছর আগে তার মেয়ের বিয়ে হয়। এরপর তারা সাভারে থাকতো এবং স্থানীয় একটি গার্মেন্টেসে চাকরি করতো। ওই সময় স্বামীর সঙ্গে লিমার কলহ শুরু হয়। একারণে তিনি ৬ মাস আগে মেয়েকে নিজের বাসায় নিয়ে আসেন। মঙ্গলবার সকালে মেয়ে বাথরুমে ঢুকলে আর বের হয় না। পরে দরজা ভেঙে দেখা যায়, মেয়ে লোহার রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লিমার গলায় ফাঁসের চিহ্ন থাকলেও দুই হাতে অসংখ্য ছোট ছোট কাটা জখম রয়েছে। এজন্য সন্দেহের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লিমার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে অবশ্য হাতে কাটা ক্ষত চিহ্নের ব্যাপারে লিমার মা বলেছেন, নানা কারণে মেয়েকে বকাবকি করলে সে ব্লেড দিয়ে নিজের হাত কাটতো। গতকালও সে তার নিজের শরীর কেটেছে।
ইত্তেফাক/এমআই