ছাত্রলীগ কর্মীর এক প্রেমিকাকে নিয়ে টানাহেঁচড়ার ঘটনায় বরিশালে নিজ দলের দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো- বিএম কলেজ ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকত, ছাত্রলীগ কর্মী নাফিদ, বহিরাগত ছাত্রলীগ কর্মী শিপন হাওলাদার ও আব্দুল্লাহ আল নোমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কলেজ ছাত্রলীগ কর্মী নাফিদ তার প্রেমিকাকে নিয়ে বট গাছের নিচে আড্ডা দেওয়ার সময় বহিরাগত ছাত্রলীগ কর্মী শিপন তাদের কাছে চাঁদা দাবি করেন। এতে নাফিদ অপরাগতা প্রকাশ করায় তার প্রেমিকাকে নিয়ে টানাহেঁচড়া করেন শিপন।
নাফিদ বাঁধা দিলে একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করেন শিপন ও তার সহযোগীরা। পরে নাফিদ বিষয়টি কলেজ ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকতকে জানালে শহীদ মিনার গেটে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে যায়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার ঘটে। পরে সৈকত গ্রুপ শিপনকে কুপিয়ে জখম করে। পাল্টা হামলায় আহত হন সৈকত ও নোমান। এতে শিপন গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/আরকেজি