বরিশালের গৌরনদীতে প্রায় ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমান হোসেন ইমরান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ইমরানের বাড়ি বরিশাল নগরীর আমিরকুটির এলাকায়। সে ওই এলাকার মতিয়ার রহমান হাওলাদারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শাহাদাৎ হোসেন জানান, বরিশাল নগরী থেকে মহাসড়ক দিয়ে গৌরনদীর উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে আসার গোপন সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ মাহিলাড়া নামক এলাকায় চেকপোস্ট বসায়। সকাল ৯টার দিকে ইমরানের মোটরসাইকেল পথরোধ করে তল্লাশি চালিয়ে ১০ হাজার নয়শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ইমরানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জামান