রংপুর-ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ফেসবুকে কথিত ধর্ম অবমাননার জিগির তুলে সাম্প্রতিককালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুরের ঠাকুরপল্লীতে ও ফরিদপুরের সদরপুর উপজেলায় সংখ্যালঘু নিরপরাধীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা সাম্প্রদায়িক হামলা বন্ধে ও এ ধরণের হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান। এ সময় তারা শঙ্কা প্রকাশ করে বলেন, সরকার সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তিসমূহের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃঢ় ভূমিকা গ্রহণে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যা গণতন্ত্রের জন্যে শুভ হবে না।
এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এডভোকেট সুব্রত চৌধুরী , কাজল দেবনাথ, নির্মল চ্যাটার্জি, নির্মল রোজারিও, ভিক্ষু সুনন্দ্য প্রিয়, মিলনকান্তি দত্ত এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু ও সেক্রেটারি অ্যাডভোকেট তাপস কুমার পাল। আরো বক্তব্য রাখেন ঢাকা আইনজীবি সমিতির সদস্য অ্যাডভোকেট মোছা. কহিনুর খাতুন।
মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে একটি মিছিল বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
ইত্তেফাক/সাব্বির