বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা প্রয়োজন। বুধবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সিঙ্গাপুরের নন-রেসিডেন্স হাই কমিশনার ডেরেক লওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, সিঙ্গাপুরের বন্ড মার্কেটে প্রবেশ বাংলাদেশকে ব্রান্ডিং করবে এবং মধ্য আয়ের প্রবাসি বাংলাদেশিরা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম হবে। আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনসম্পদ প্রয়োজন। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে দেশটির প্রতি আহ্বান জানান তিনি।
সিঙ্গাপুরের রাষ্ট্রদূত বলেন, সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ বন্ড মার্কেটসহ ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কাজ করছে। এসব কাজের উন্নয়নে আমরা সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারি যা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আদলে হতে পারে। রাষ্ট্রদূত এ সময় এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও ছোট পরিসরে এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের কনসাল উইলিয়াম চিক।
ইত্তেফাক/এমআই