ভাঙ্গায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা আ. রব মোল্লা (৫২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার বিলভরা গ্রামে। এ ঘটনায় রব মোল্লার স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে ১৩জনকে আসামি করে বুধবার দুপুরে হত্যা মামলা করেছেন।
পুলিশ জানায়, বিলভরা গ্রামের এক নারীকে মোবাইল ফোনে উত্যক্ত করতেন একই গ্রামের বাবু মৃধার ছেলে রাকিব মৃধা। ওই নারী সোমবার বিষয়টি প্রতিবেশী রব মোল্লার ছেলে সোহেল মোল্লাকে জানান। এ কারণে ওই দিন রাতে সোহেল মোল্লা রাকিবকে মারধর করেন। বিষয়টি নিয়ে সোমবার রাতে দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়ে যায়।
মঙ্গলবার রাতে সোহেল বাড়ি ফেরার পথে রাকিবের নেতৃত্বে ৮/১০জন তার ওপর হামলা চালান। ছেলেকে চোখের সামনে মারধর করতে দেখে রব মোল্লা বাঁচাতে যান। হামলাকারীদের আঘাতে বাবা-ছেলে গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান। এলাকাবাসী তাদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রব মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি