জেলা জজ ও সমপর্যায়ের তিনজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বুধবার এ বদলি সংক্রান্ত আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। ওই আদেশ অনুযায়ী নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তারকে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসাবে বদলি করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এবং ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলামকে বার কাউন্সিলের সচিব পদে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হিসাবে বদলির পূর্বে জেলা জজ হোসনে আরা আক্তার পদত্যাগী প্রধান বিচারপতি এসকে সিনহার আমলে হাইকোর্টের স্পেশাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৬ জুন হোসনে আরা আক্তারকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।
ইত্তেফাক/এমআই