অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার  তৎকালীন ম্যানেজার মো. সাইফউদ্দিন সবুজকে গ্রেফতার করা হয়েছে। 
 
বুধবার বিকালে রাজধানীর মতিঝিল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফউদ্দিন সবুজের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তাকে মতিঝিল থানা হাজতে রাখা হয়েছে।
 
কিশোরগঞ্জে কর্মরত থাকাকালে তিনি প্রতারণার মাধ্যমে গ্রাহকের জমাকৃত অর্থ সংশ্লিষ্ট হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন। গ্রাহকদের মধ্যে আশিক জামান এলিন ও জুলহাস সওদাগর দুই ব্যক্তি বিষয়টি জানতে পেরে ব্যাংক কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেন। পরে তদন্তকালে আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।
 
সাইফউদ্দিন সবুজের বিরুদ্ধে গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর মোহাম্মদ বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তিনি পালিয়ে যান। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে স্থানান্তর করা হয়। কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ মণ্ডল মামলাটি তদন্ত করেন।
 
তিনি জানান, ব্যাংকের অডিট কার্যক্রম চলছে। অডিট সম্পন্ন হওয়ার পর মোট কত টাকা আত্মসাৎ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। 
 
 
ইত্তেফাক/এমএ/ইউবি