রাশিয়ান একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছেন পাঁচ বাংলাদেশি তরুণ-তরুণী। সিনেমাটিতে অভিনয় করা তরুণ-তরুণীরা রাশিয়ার প্রবাসী বাংলাদেশি। তারা পড়াশোনা করছেন মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে।
এরা হলেন- পিএইচডি গবেষক বারেক কায়সার, বিশ্ব ইতিহাস ও গণযোগাযোগ বিভাগের মাস্টার্সের ছাত্রী আনিতা বিশ্বাস, নিউক্লিয়ার পদার্থবিদ্যা বিভাগের ছাত্র ফয়সাল আলম প্রাইম, অর্থনীতি বিভাগের ছাত্রী প্রীতি রহমান ও ফার্মাসি বিভাগের ছাত্র জাহিদ হাসান তালুকদার। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারা।
সিনেমাটির নাম ‘উচিলকা-২’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরিনা কুভচেনকো ও তাতা হাচাততিরিয়ান। এ ছাড়া অভিনয় করেছেন ইরনা আলফিওরোভা, আন্দ্রে মেজলিকিন, ইভান কাকোরিন, আনা চোরিনা, ইলনা জাহারোভা প্রমুখ।
ছবিটি আগামী বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমার পরিচালক আলেকসি পিত্রোহিন। পরিচালক নিজে ছাড়াও এতে প্রযোজক হিসেবে রয়েছেন ওলেক স্টেপচিনকো ও পিটার চেরেন কোভ। ছবির চিত্রগ্রাহক ইলিয়া কনদেরাটিয়েভ।
২০০২ সালের ২৩ অক্টোবর মস্কোর একটি থিয়েটার হলে রোমিও-জুলিয়ট নাটকের মঞ্চায়নের সময় একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ১৭০ জন মানুষ মারা যায়। ওই ঘটনাটি নিয়ে সেসময় তোলপাড় হয় সারা দুনিয়ায়। এই ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজানো হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করা প্রবাসী বাংলাদেশিদের একজন আনিতা বিশ্বাস বলেন, আমার কাছে এটিকে শুটিং মনে হয়নি। মনে হয়েছে- বাস্তবেই আমি সেই সন্ত্রাসী হামলার শিকার! এটা ছিল খুবই ভয়ঙ্কর কষ্টের অনুভূতি।
আরেক অভিনেতা ফয়সাল আলম প্রাইম বলেন, বাংলাদেশি হয়ে রাশিয়ান সিনেমায় কাজ করতে পেরে আমি আনন্দিত। এটা আমার জন্য শিখনীয় বিষয়। এই অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের কাজে লাগবে বলে আশা করছি।
ইত্তেফাক/ইউবি