শিক্ষকের প্রহারে দুই শিক্ষার্থী অসুস্থ, বরখাস্ত শিক্ষক

মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের প্রহারে অসুস্থ দুই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন জানান, মঙ্গলবারে টিফিন শেষে ক্লাসে বিলম্বে ফেরার কারণে দশম শ্রেণির পাঁচ ছাত্রীকে গাছের ডালা দিয়ে প্রহার করেন শিক্ষক হাবিবুর রহমান। এর মধ্যে মিম খাতুন ও তানিয়া আক্তার গুরুতর অসুস্থ হয়ে পরেন। প্রথমে তাদেরকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় পাঠানো হয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, অভিযুক্ত শিক্ষক অসুস্থ। তদন্ত রিপোর্টে মূল কারণ জানা যাবে।

আরো পড়ুন: মসজিদের সিঁড়িতেই মনিরকে খুন করেন মাদ্রাসার অধ্যক্ষ

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক কামাল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মাহমুদুর কবিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, বুধবার সকালে মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার মল্লিকা দে, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে।

মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে অসুস্থ দুই ছাত্রী সুস্থ আছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচ