ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
 
রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এ নিয়ে পঞ্চম দিনের মতো তিনি আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেবেন।
 
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।
 
এ মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
 
ইত্তেফাক/এমআর