কিশোরগঞ্জের হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড বহাল

 
কিশোরগঞ্জের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে মো. মোয়াজ্জেম হোসেন রুবেলের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে মো. কবির রব্বানী জুয়েল ও নোবেলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।  খালাস দেয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল মিয়া ও মামুনকে। 
 
ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাত আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আদালতের রায়ের বিষয়টি ইত্তেফাককে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল। 
 
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৬ সালের ৭ এপ্রিল বাড়ির সামনে চাঁয়ের দোকানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম খানকে খুন করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই ফরিদ আহমেদ খান পরদিন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ২০১১ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ছয় জনকে মৃত্যুদণ্ড ও আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। 
 
হাইকোর্টে বিচারাধীন থাকাবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রহমান খান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুলাল মিয়া মারা যান। ফলে তাদের বিষয়টি বিচারের আওতায় আসেনি।
 
ডেথ রেফারেন্সের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল, সহকারি অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান ও সৈয়দা সাবিনা আহমদ মলি এবং আসামি পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও ফজলুল হক খান ফরিদ শুনানি করেন।
 
ইত্তেফাক/ইউবি