ডিএসসিসি এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি : সাঈদ খোকন

 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোনো হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার নগর ভবনে এক অনুষ্ঠানে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র এ কথা জানান। 
 
সাঈদ খোকন বলেন, আগেও হোল্ডিং ট্যাক্স শতকরা ১২ ভাগ ছিল এখনও তাই রয়েছে। ২৯ বছর ধরে কর অ্যাসেসমেন্ট (মূল্যায়ন) করা যায়নি। তাই নতুন ও পুরাতন ফ্ল্যাট বা ভবনের গৃহকরের মধ্যে বিদ্যমান অসমতা দূর করে সমন্বয় করা হচ্ছে মাত্র।
 
সমতাভিত্তিক সমাজ ও নগরী গড়ে তোলার জন্য এটি জরুরি উল্লেখ করে তিনি বলেন, ধার্যকৃত গৃহকরও বিভিন্ন প্রক্রিয়ায় শতকরা ৪০ ভাগ কমিয়ে আনার সুযোগ রয়েছে। কোনো নাগরিক এতে সংক্ষুব্দ হলে বা দুর্ভোগের শিকার হলে যৌক্তিক যে কোনো বিষয় আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধানের বিষয়টি বিবেচনা করা হবে।
 
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই ই-ট্রেড লাইসেন্স ও ই-হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
 
এ সময় তিনি শাহ মোহায়মেন হজ এন্ড ট্রাভেলস লিমিটেডের মালিক সৈয়দ আব্দুল মোদাচ্ছের-এর হাতে তাৎক্ষনিকভাবে ই-ট্রেড লাইসেন্স তুলে দেন। 
 
ই-ট্রেড লাইসেন্স এবং ই-হোল্ডিং ট্যাক্স চালুর ফলে নাগরিকদের দুর্ভোগ বা ভোগান্তি নিরসন হবে উল্লেখ করে মেয়র বলেন, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই ব্যবসা পরিচালনাসহ গৃহকর পরিশোধ করতে পারবেন। এতে তাদের মূল্যবান সময় ও অর্থের সাশ্রয় হবে, করপোরেশনের কাজেও স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।
 
মেয়র বলেন, ইতোমধ্যে করপোরেশনে ই-টেন্ডারিং চালু করা হয়েছে এবং কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণে ডিজিটাল অ্যাটেনডেন্স চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ই-ট্রেড লাইসেন্স ও ই-হোল্ডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাসস
 
ইত্তেফাক/কেকে