মানিকগঞ্জের স্বর্ণপট্টির নাগ জুয়েলার্সে বুধবার সন্ধ্যায় ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার সকালে সোহেল মোল্লা (৩০) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোহেল পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার উত্তর মেদিরাবাদ এলাকার আ. রহিম মোল্লার ছেলে। গ্রেফতার সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অজ্ঞাত নামা সাগর হাসান (৩০) এবং মনির (৩২) নাম স্বীকার করেন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ সমস্ত তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান বিপিএম (অতিরিক্ত ডিআইজি)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, ডিএসবির সিনিয়র পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকারসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আটক করার সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১১টি ককটেল, ২টি চাপাতি, ডাকাতি কাজে ব্যবহারিত একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস যার রেজি নং- ১৫-৬৫৮৩, স্বর্ণের গোলপাশা, কানের দুল, মঙ্গলসূত্র, লুট হওয়া ৩১টি স্বর্ণের খালি বাক্স, উদ্ধার করেছে পুলিশ।
ইত্তেফক/আরকেজি