ক্রিকেট বিশ্বের জনপ্রিয় সব টি-টোয়েন্টি লিগেই খেলেন ব্রেন্ডন ম্যাককালাম। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের পর ক্রিকেটের এ ক্ষুদ্রতম সংস্করণে ম্যাককালামের বিচরণ আরো বেড়েছে। যার ধারাবাহিকতায় এবার প্রথমবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছেন নিউজিল্যান্ডের এ সাবেক অধিনায়ক।
রংপুরের হয়ে বিপিএল মাতাতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলও। বর্তমান সময়ের দুই বিস্ফোরক ব্যাটসম্যান বিপিএলে রংপুরের জার্সিতে ইনিংসের গোড়াপত্তন করবেন। আর গেইলের সঙ্গে ওপেনিং করতে মুখিয়ে আছেন ম্যাককালাম।
গতকাল মিরপুরের ইনডোরে অনুশীলনের পর সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রংপুরের হয়ে সেরাটা দিতে চান। গেইলের সঙ্গে জুটি বাঁধার রোমাঞ্চও কাজ করছে তার মনে। তিন ম্যাচের দুইটি হারলেও রংপুর ঘুরে দাঁড়াবে বলে আশা ম্যাককালামের। এছাড়া অধিনায়ক মাশরাফিরও প্রশংসা করেছেন তিনি।
বিপিএলের প্রথম চার আসরে খেলা হয়নি ম্যাককালামের। পঞ্চম আসরেই প্রথমবার খেলতে আসলেন তিনি। গতকাল অনুশীলনের পর তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। বিপিএল তো অনেক দিন ধরেই চলছে। আমার প্রথমবার। আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেকের কাছ থেকেই অনেক ভালো ভালো কথা শুনেছি বিপিএল নিয়ে। রংপুর রাইডার্সের হয়ে নিজের সেরাটা দিতে আমি মুখিয়ে আছি।’
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত গেইল-ম্যাককালাম। টি-টোয়েন্টিতে সারা বিশ্বের দলের জন্যই সবচেয়ে আর্কষণীয় ওপেনিং জুটি তারা। ম্যাককালামও জানালেন, ননস্ট্রাইকে দাঁড়িয়ে গেইলের ছক্কা মারা দেখতে চান তিনি। গেইলের সঙ্গে জুটি নিয়ে ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার বলেন, ‘মাঠের বাইরে আমাদের জমে দারুণ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছি দুইজন, এখান থেকে কলকাতা খুব দূরে নয়। আবার ওর সঙ্গে জুটি বাঁধার সুযোগ দারুণ ব্যাপার। টি-টোয়েন্টিতে ক্রিস বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ওর সঙ্গে ব্যাটিং উদ্বোধন করা হবে দারুণ কিছু। হয়ত আমি ওকে স্ট্রাইক দেব আর শুধু দেখব ছক্কা মারতে!’
অধিনায়ক মাশরাফি বিপিএল জিতেছেন তিনবার। এবার রংপুরের নেতৃত্বে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মাশরাফি এখন শুধু বাংলাদেশ নয় গোটা ক্রিকেট বিশ্বেই সমীহ পান বলে জানিয়েছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘ওর সঙ্গেও আমি খেলেছি কলকাতা নাইট রাইডার্সে। ওর সঙ্গেও আমার সম্পর্ক দারুণ। গতকাল মাঠে এসে ওকে দেখে খুব ভালো লেগেছে। মধ্য তিরিশেও দারুণ ফিট। অনেক কিছু অর্জন করেছে ক্যারিয়ারে। শুধু এখানে নয়, পুরো ক্রিকেট বিশ্বেই ওকে সমীহ করে সবাই। ওর নেতৃত্বে খেলতে আমি সত্যিই মুখিয়ে আছি।’
ম্যাককালামের বিশ্বাস দুইটি ম্যাচ হারলেও রংপুর দ্রুতই ছন্দে ফিরবে। দল হিসেবে পরস্পর মানিয়ে নিতে পারলে ভালো করবে রংপুর। তিনি বলেন, ‘তিন ম্যাচে মাত্র একটি জিতেছি আমরা। তবে এটি অনেক লম্বা টুর্নামেন্ট। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা স্থির থাকি, আতঙ্কিত না হই। আমাদের সাপোর্ট স্টাফ খুবই স্থির, অধিনায়কও ঠান্ডা মেজাজের। আমাদের দলটাও দারুণ। আমি নিশ্চিত, পরস্পরের সঙ্গে যখন মানিয়ে নেব আমরা, তখন আমরা ভালো করব। অবশ্যই এই টুর্নামেন্টে আরো অনেক ভালো দল আছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা ভালো খেলি।’
ইত্তেফাক/কেআই