মাদ্রিদের দুই ক্লাবই এ বারের লিগে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না। রিয়াল মাদ্রিদ এবং আটলেটিকো মাদ্রিদ, দুটি দলই ১১টি করে ম্যাচ খেলেছে। রিয়ালের জয় ৭, আটলেটিকোর ৬। গ্রিজম্যান বা রোনালদো— কেউ সেভাবে গোলের মধ্যে নেই। এই অবস্থায় আটলেটিকোর নতুন স্টেডিয়াম, ওয়ান্ডা মেট্রোপলিটানো-তে প্রথম হচ্ছে এই ডার্বি।
লড়াইটা শুধু মাদ্রিদের দুই ক্লাবের মধ্যেই নয় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম অ্যান্টোনি গ্রিজম্যানের মধ্যেও। ডার্বি নিয়ে গ্রিজম্যান বলেছেন, ‘এই স্টেডিয়ামে প্রথম ডার্বিটা আমাদের জিততেই হবে। আমাদের সমর্থকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’
রোনালদোর বর্তমান ফর্ম নিয়ে অনেক জল্পনা-কল্পনা হচ্ছে। তার রিয়াল মাদ্রিদে থাকা নিয়েও বাইরে চলছে অনেক আলোচনা। মাদ্রিদ ডার্বির আগে এক সাক্ষাৎকারে রোনালদোকে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে রোনালদো বলেন, ‘আমি আর এই প্রশ্নটা শুনলে উত্তেজিত হই না। কিন্তু আমার অবাক লাগে অন্য একটা জায়গায়। আমি গোল না পেলে আমার বাড়ির লোকও প্রশ্ন করতে শুরু করে। আমার মা, ভাই, ছেলে, সবারই একটাই প্রশ্ন থাকে— তোমার কি কোনও সমস্যা হয়েছে?’
তার ফর্ম নিয়ে কোচ জিদানও টেনশনে নেই উল্লেখ করে সি আর সেভেন বলেন, ‘জিদান আমার মতোই। ও কোনও সময় টেনশনে ভোগে না। নার্ভাস হয় না।’ তবে মাদ্রিদ ডার্বিতে যে রোনালদোর উপর একটা বড় দায়িত্ব থাকছে সেটা অনস্বীকার্যই। এখানে ভাল কিছু করে সমালোচনার জবাবও দিতে পারেন তিনি।
গুরুত্বপূর্ণ জিনেদিন জিদানের কাছেও। লা লিগায় অত্যন্ত খারাপ শুরু করার পরে এই ডার্বি জিতলে খেতাব দৌড়ে চলে আসতে পারে রিয়াল। মাদ্রিদ ডার্বি নিয়ে রিয়াল কোচ বলেন, ‘জানি রিয়ালকে নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা শান্ত থাকতে চাই। আমরা বদলাব না। আমরা মাঠে নেমে আপনাদের একটা ভাল ম্যাচ উপহার দেব।’
ইত্তেফাক/কেআই