ওয়েব সিরিজ দিয়ে পর্দায় ফিরছেন নিপূণ

বিনোদন রিপোর্ট

 

অনেকদিন নতুন কোনো সিনেমা বা ছোটপর্দায় দেখা নেই চিত্রনায়িকা নিপূণ আক্তারের। ব্যক্তিগত ব্যবসা নিয়ে কয়েক বছর ধরে ব্যস্ততার কারণে পর্দায় অনিয়মিত তিনি। তবে মাঝে বিশেষ দিবসে ছোটপর্দার বিশেষ নাটকে তাকে দেখা গেলেও ভক্তদের সামনে অনেকদিন কোনো সরব অবস্থানে নেই জনপ্রিয় এই অভিনেত্রী। সেই বিরতি কাটতে যাচ্ছে এবার। শিগগিরই ভক্তদের সামনে হাজির হবেন তিনি। তবে নতুন সিনেমা বা নাটক দিয়ে নয়। ওয়েব সিরিজ দিয়ে আবারো পর্দায় ফিরছেন নিপূণ। অদিতি মজুমদারের গল্পে ওয়েব সিরিজটি পরিচালনা করছেন তৌহিদ মিটুল। ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে নিপূণ বলেন, ‘ওয়েব সিরিজটিতে ইলোরা নামে এক চরিত্রে কাজ করবো। কাজের বিষয়ে আমি সবসময় সচেতন। সবসময় দেখে-শুনেই কাজ করেছি। আর এখন যেহেতু শোবিজে বেশি সময় দেওয়া হচ্ছে না, তাই কাজ পছন্দের অপশনটা বেশি। সেই জায়গা থেকে এই ওয়েব সিরিজটি বেশ ভালো একটি গল্পে নির্মিত হচ্ছে। আর যেহেতু প্রথম ওয়েব সিরিজ তাই আমি সব ভেবেই কাজটি বেছে নিয়েছি।’

অনলাইন স্ট্রিমিং সাইট বায়োস্কোপে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজটি। এখানে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ।  ইদানিং ওয়েব সিরিজ সংখ্যা বাড়ছে। অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতাও ওয়েব সিরিজে অভিনয় করছেন। শুধু তাই নয়, ওয়েব সিরিজগুলোর জন্য ভালো বাজেটও নির্ধারণ করা হচ্ছে। নিপূণ এই প্রসঙ্গে বলেন, ‘ওয়েব সিরিজের জনপ্রিয়তা সারাবিশ্বে রয়েছে। হলিউড ও বলিউডের অনেক তারকারা নিয়মিত ওয়েব সিরিজ করছেন। আমাদের দেশের সেই চর্চা শুরু হয়েছে। এটি ভালো দিক। ভালো কাজ হলে সেটি আমাদের জন্যই ভালো।’