রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক ও নাইজেরিয়াকে শিল্পমন্ত্রীর ধন্যবাদ

 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক ফোরামে উত্থাপন এবং এ সমস্যা সমাধানে সহায়তা দেয়ার জন্য তুরস্ক ও নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। নাইজেরিয়ায় ডি-৮ মন্ত্রীপর্যায়ের বৈঠক শেষে এই দুই দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই ধন্যবাদ জানান।
 
শিল্পমন্ত্রী ডি-৮ ভুক্ত ৮ টি দেশের শিল্প উন্নয়নের লক্ষ্যে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে সব পরামর্শ দেন তার অধিকাংশই আবুজা ঘোষণার অন্তর্ভুক্ত হয়েছে বলে আজ শনিবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বিশেষ করে গতমাসে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সমস্যাকে জাতিগত নিধন হিসাবে আখ্যায়িত করা ও রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করার জন্য দেশ দুটির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
শিল্পমন্ত্রী তুরস্কের ফার্স্টলেডি এমিন এরদোগান বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের পাশে থাকার অঙ্গিকার প্রদানের জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করেন।
 
আমির হোসেন আমু বলেন, এসএমই-র সমন্বিত উন্নয়নের জন্য সকল সদস্য দেশসমূহকে অবিলম্বে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে। অটোমোটিভ, পেট্রোকেমিক্যাল, সিরামিক, ইস্পাত, টেক্সটাইল ও পোষাক শিল্পের উন্নয়নের জন্য সদস্য দেশসমুহের মধ্যে ইউনিয়ন বা এসোসিয়েশন গড়ে তুলতে হবে। সদস্য দেশসমুহের মধ্যে বিনিয়োগ ও কারিগরি সহায়তা বৃদ্ধির জন্য পরিবেশ তৈরি ও প্রযুক্তি স্থানান্তর করতে হবে। মেশিনারী শিল্পে যে সকল দেশের দক্ষতা ও প্রযুক্তি সুবিধা বেশি আছে তাদেরকে যে সকল দেশের দক্ষতা ও প্রযুক্তি সুবিধা বৃদ্ধি করতে হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে