ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার সাদেক মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে পিকআপভ্যান চালক আহত হয়েছেন।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে মাছ ভর্তি একটি পিকআপভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বেড়তলা এলাকায় পিকআপভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। ডাকাতরা রফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে মারধর করে পিকআপভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। 
 
ওসি আরো জানান, ইতিমধ্যে অভিযান চালিয়ে পিকআপভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে। ডাকাতরা নাসিরনগর উপজেলার কুণ্ডা নদীর পাড়ে মাছগুলো নামিয়ে পিকআপভ্যানটি নিয়ে শায়েস্তাগঞ্জের দিকে পালানোর চেষ্টা করে। পরে পুলিশও তাদের পেছন থেকে তাড়া করে সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে পিকআপভ্যানটি আটক করে। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি