ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ স্বপ্নধারা আবাসিক প্রকল্পের সামনে আজ শনিবার ভোরে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় আল-আমিন (৩২) নামে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন, একটি ছোরা ও একটি লোহার পাইপ উদ্ধার করেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঢাকা জেলা গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার দুপুর দেড়টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ আলম টাওয়ারের সামনে থেকে মহিমা ওরফে রানা নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এসময় মাদক ব্যবসায়ী আল-আমিন কৌশলে পালিয়ে যায়। পরে আটককৃতদের দেয়া তথ্যানুযায়ী শুক্রবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মাথুরা গ্রাম থেকে আল-আমিন ওরফে আকাশ মোল্লা ওরফে নাইট কিলার আল-আমিনকে (৩২) আটক করা হয়। পরে গোয়েন্দা কর্মকর্তারা অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারের জন্য আসামিদের সঙ্গে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ সংলগ্ন স্বপ্নধারা আবাসিক প্রকল্পের সামনে দিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আল-আমিনের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। গুলিবিনিময়ের এক পর্যায়ে পলাতক আসামিদের গুলিতে আল আমিন গুলিবিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় দ্রুত মিটফোর্ড হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ৪ পুলিশ আহত হয়। তাদেরকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আল আমিনের দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর, ঢাকা জেলার বিভিন্ন থানাসহ মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ এলাকায় মাদক দ্রব্য ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য, হত্যা অস্ত্রসহ নয়টি এবং ডিএমপিতে পাঁচটি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা খরিয়া গ্রামের বাসিন্দা সে। এঘটনায় ডিবি পুলিশের এসআই খন্দকার জাহিদ হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে।বাসস।
ইত্তেফাক/এমআই